খবর লাইভ : আগেও তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। সেই কারণে তাঁকে শাস্তিও পেতে হয়েছিল। এবার সরাসরি তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ না নেওয়ার অভিযোগ উঠল। তিনি হুগলির ধনিয়াখালি থানার ওসি নিরুপম মণ্ডল। অভিযোগ না নিয়ে মৃতের পরিবারের সদস্যদের থানা থেকে ফিরিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে নিরুপমের বিরুদ্ধে। এমনকি তাঁর বিরুদ্ধে সিআই ধনিয়াখালির নির্দেশকেও অমান্য করার অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জেনে সিআই ধনিয়াখালি দেবাঞ্জন ভট্টাচার্য ওসিকে অভিযোগপত্র নেওয়ার কথা জানানোর পরও নিরুপম তাঁর সেই নির্দেশ মানেননি। থানা থেকে ফিরিয়ে দেওয়া হয় মৃতের বাপের বাড়ির সদস্যদের বলে অভিযোগ।
কীভাবে একজন ওসি খুনের অভিযোগ গ্রহণ না করে ফিরিয়ে দিলেন মৃতের পরিবারের সদস্যদের তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের শীর্ষকর্তারাও বিষয়টা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, সাংবাদিকদের কেন খবর দেওয়া হয়েছে তা নিয়েও মৃতের পরিবারের সদস্যদের রীতিমতো হুমকিও ওসি দেন বলে অভিযোগ। নিরুপমকে ফোন করা হলে তিনি বলেন, ‘আপনার কি কোনও আত্মীয় হন ওনারা? মৃতের বাপের বাড়ির লোকজন যদি তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন তবে শ্বশুরবাড়ির লোকজনও কিন্তু পাল্টা কাউন্টার কেস করবেন। অভিযোগপত্র নিলে তাহলে দু’পক্ষের অভিযোগই নিতে হবে।’ দেহ যদি মৃতের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় আর বাপের বাড়ির লোকজন সেখানে উপস্থিত না থাকেন তাহলে কীসের যুক্তিতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ নেওয়ার কথা বলতে পারেন ওসি?
নিরুপমের বিরুদ্ধে এই প্রথম নয় এর আগেও অতীতে যে সমস্ত থানায় উনি কাজ করেছেন সেখানে সঠিকভাবে দায়িত্ব পালন না করার অভিযোগ উঠেছে। রাজ্য পুলিশের এক শীর্ষকর্তা ওসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ওসি নিরুপম মণ্ডলের সঙ্গে প্রতিবেদকের কথোপকথনেরও রেকর্ড চেয়েছেন তিনি। প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি সন্ধ্যায় ধনিয়াখালি থানার চাঁদপুর গ্রামের বাসিন্দা দুর্গা গায়েনের দেহ উদ্ধার হয়। মৃতের বাপের বাড়ির লোকজন দুর্গার স্বামী নিমাই গায়েনের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় গেলে তাঁদের অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পরে সিআই ধনিয়াখালি দেবাঞ্জন ভট্টাচার্যকে বিষয়টি জানানো হলে মৃতের বাপের বাড়ির লোকজনকে অভিযোগপত্র নিয়ে থানায় যাওয়ার কথা বলা হয়। কিন্তু সিআইয়ের নির্দেশ অমান্য করে অভিযোগ না নিয়ে ওসি মৃতের বাপের বাড়ির লোকজনকে ফিরিয়ে দেন বলে অভিযোগ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…