খবর লাইভ : রাজ্যে সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করা সম্ভব নয় বলে ফের একবার জানিয়ে দিল নির্বাচন কমিশন। বুধবার রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে পাঠানো চিঠিতে কমিশনের সচিব রাকেশ কুমার জানিয়েছেন, ভোটের নির্ঘন্ট বহু আগেই তৈরি হয়েছে। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের কারণে শেষ মুহুর্তে এসে সেই সূচি কোনও ভাবেই বদল করা সম্ভব নয়। তাই শেষ দু’দফার ভোট একসঙ্গে করানো সম্ভব হচ্ছে না।’্
উল্লেখ্য রাজ্যে করোনা যেভাবে ভয়াবহ হয়ে উঠছে এবং চোখ রাঙাচ্ছে, তাতে সাধারণ মানুষকে মারণ ভাইরাসের থাবা থেকে বাঁচাতে প্রথমে শেষ তিন দফার ভোট একসঙ্গে করার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিখিতভাবেই শেষ দু’দফার ভোট একসঙ্গে করার দাবি জানিয়ে কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি লেখেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি শেষ দু’দফার ভোট অন্তত রমজান মাস পর্যন্ত স্থগিত রাখার দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রাকে চিঠি দিয়েছিলেন।
অন্যদিকে, গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচির যে বুথে কেন্দ্রীয় বাহিনী ‘আত্মরক্ষার’ নামে গুলি চালিয়েছিল, সেই বুথের ওয়েব কাস্টিংয়ের ছবি এদিন দিল্লির নির্বাচন সদনে পাঠালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব। সেই সঙ্গে ‘রক্তাক্ত’ বুথটিতে কী ঘটেছিল, তা নিয়েও এক গোপন রিপোর্ট পাঠিয়েছেন তিনি। তবে সেই রিপোর্টে কী রয়েছে, তা নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি সিইও আরিজ আফতাব।
শীতলকুচির জোড়াপাটকির ১২৬ নম্বর বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছিল। যাতে সরাসরি দিল্লির নির্বাচন সদন থেকেই কমিশনের শীর্ষ আধিকারিকরা ভোটগ্রহণ প্রক্রিয়ার উপরে নজরদারি চালাতে পারেন। তবে ঘটনার সময়ে ওই বুথে ওয়েব কাস্টিং রহস্যময় কারণে বন্ধ ছিল। ফলে দিল্লি থেকে সরাসরি নজরদারি চালাতে পারেননি নির্বাচন কমিশনের আধিকারিকরা। যদিও ওয়েব কাস্টিং বন্ধ থাকলেও ক্যামেরায় ঘটনার সব ছবি রেকর্ড হয়েছে। সেই ছবি উদ্ধার করে পাঠানোর জন্য কোচবিহারের জেলাশাসককে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সোমবারই জেলাশাসকের পক্ষ থেকে ওয়েব কাস্টিংয়ের ক্যামেরায় ধরা পড়া ঘটনার সময়কার ছবি সিইও দফতরে পাঠানো হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…