খবর লাইভ : ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করতে রাজ্য সরকারকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালত জানিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করতে হবে রাজ্যকে। প্রাক্তন সেনাকর্তা ড. সুব্রত সাহার দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে আদালত। আবেদনে অভিযোগ করা হয়, সীমান্তে বেড়া বসানোর জন্য ইতিমধ্যেই অধিগ্রহণ করা জমি রাজ্য সরকার বিএসএফ-এর হাতে তুলে দিচ্ছে না, যার ফলে সীমান্ত সুরক্ষার কাজ ব্যাহত হচ্ছে। আদালতে জানানো হয়, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা প্রায় ২,২১৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৬০০ কিলোমিটার এলাকা এখনও ফেন্সিং হীন অবস্থায় রয়েছে। এই অবস্থার সুযোগ নিয়ে অনুপ্রবেশ ও চোরাচালানের ঘটনা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়।
শুনানিকালে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকা সত্ত্বেও কেন রাজ্য সরকার জমি অধিগ্রহণে গড়িমসি করছে। প্রয়োজনে ভূমি অধিগ্রহণ আইনের ৪০ ধারা কেন প্রয়োগ করা হচ্ছে না, তা নিয়েও আদালত প্রশ্ন তোলে। আন্তর্জাতিক সীমান্তের দায়িত্বশীল অংশীদার হওয়া সত্ত্বেও রাজ্যের উদ্যোগের অভাবকে গভীর উদ্বেগজনক বলেও মন্তব্য করে বেঞ্চ।
এছাড়াও, যেসব জমিতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য এখনও রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মেলেনি, সেগুলি জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে অধিগ্রহণ করা সম্ভব কি না, সে বিষয়ে রাজ্য ও কেন্দ্র উভয় পক্ষের বক্তব্য শোনা হবে বলে আদালত জানিয়েছে। এ বিষয়ে উভয় সরকারকে হলফনামা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২ এপ্রিল নির্ধারিত হয়েছে।
২০২৬ সালের মার্চ–এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক ময়দান ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে বিজেপি নিজেদের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক কৌশল নতুন করে সাজাতে মরিয়া। দীর্ঘদিন ধরে রাজ্যে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের শক্ত ভিত ভাঙার লক্ষ্য নিয়েছে গেরুয়া শিবির। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল, তবুও ভোটের শতাংশের নিরিখে এখনও বিজেপি তৃণমূলের থেকে প্রায় ১০ শতাংশ পিছিয়ে রয়েছে। তা সত্ত্বেও ২০১৬ সালে মাত্র ৪টি আসন থেকে ২০২১ সালে ২৯৪ আসনের মধ্যে ৭৭টি আসন জিতে বিজেপির উত্থান রাজ্য রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
এই অবস্থায় বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করতে পাশাপাশি ভোটের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩০ ও ৩১ জানুয়ারি ২ দিনের রাজ্য সফরে আসতে চলেছেন মোদি মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড। দলীয় সূত্রের খবর, অমিত শাহ কলকাতায় বিজেপির রাজ্য কোর কমিটির বৈঠক করবেন। পাশাপাশি ব্যারাকপুরের আনন্দপুর মঠে যাবেন এবং উত্তরবঙ্গের শিলিগুড়িতেও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরাধিকার এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ ও ‘বন্দে মাতরম’-এর জাতীয়তাবাদী চেতনাকে সামনে রেখে নিজেদের অবস্থান আরও জোরদার করতে চাইছে গেরুয়া শিবির।
রাজ্য বিজেপি কমিটির এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, অমিত শাহ আজ ৩০ জানুয়ারি সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন। ওই দিনই তিনি রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক কৌশল এবং প্রচার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। সফরসূচি অনুযায়ী, ৩১ জানুয়ারি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে একটি জনসভায় ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একসময়ের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক হিন্দিভাষী ভোটার রয়েছেন, যা বিজেপির কাছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। নির্ধারিত সূচি অনুযায়ী, ৩১ জানুয়ারি সন্ধ্যাতেই তিনি দিল্লি ফিরে যাবেন।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ জানুয়ারি মালদায় এবং ১৮ জানুয়ারি হুগলি জেলার সিঙ্গুরে দুটি রাজনৈতিক জনসভায় ভাষণ দেন। পাশাপাশি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দু’দিনের সফরে বাংলায় আসেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…