খবর লাইভ : আইপ্যাক মামলায় বড়সড় স্বস্তি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা চারটি এফআইআরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, শেক্সপিয়ার সরণি থানা ও বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি এফআইআর আপাতত কার্যকর করা যাবে না। একইসঙ্গে ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
শুনানিতে ইডির তরফে দাবি করা হয়, পুলিশের এফআইআর-এর উদ্দেশ্য তথ্যপ্রমাণ নষ্ট করা। আদালতে ইডির আইনজীবী সওয়াল করেন, কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্য পুলিশের হস্তক্ষেপ গুরুতর প্রশ্ন তুলছে। এই মামলায় সিবিআই তদন্তেরও দাবি জানানো হয়েছে ইডির তরফে। এমনকী রাজ্যের বাইরে থেকে সিবিআই তদন্ত পরিচালনার আর্জিও জানানো হয়।
মামলার শুনানিতে বিচারপতিরা পর্যবেক্ষণে জানান, “যদি উপযুক্ত অনুমতি ও তথ্যপ্রমাণ নিয়ে কোনও কেন্দ্রীয় সংস্থা তদন্তে যায়, তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে না।” আদালত আরও জানায়, কোনও কেন্দ্রীয় সংস্থা সঠিকভাবে তদন্ত চালালে সেটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, এমন অভিযোগ প্রাথমিকভাবে গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, কয়লা দুর্নীতির মামলায় কলকাতায় আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। সেই সময় ঘটনাস্থলে পৌঁছোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে অপদস্থ করতেই ইডি এই অভিযান চালিয়েছে এবং বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশ রাজ্য সরকারের জন্য বড়সড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…