খবর লাইভ : ফের মাঝ আকাশে বিমান বিভ্রাট। রীতিমতো চাঞ্চল্য ছড়াল তিরুবন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়ানে। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বিমানটিকে জরুরি ভিত্তিতে ঘুরিয়ে আনা হয় চেন্নাই বিমানবন্দরের দিকে। বহুক্ষণ আকাশে চক্কর কাটার পর শেষপর্যন্ত নিরাপদে অবতরণ করলেও একসময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।
বিমানটিতে কেরলের চার সাংসদসহ মোট পাঁচ জন সাংসদ ছিলেন। যাত্রীদের মধ্যে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সাংসদ কে সি বেণুগোপাল, ইউডিএফ-এর আহ্বায়ক এমপি আদুর প্রকাশ, সাংসদ কে সুরেশ, সিপিএম নেতা কে রাধাকৃষ্ণণ এবং তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ রবার্ট ব্রুস।
ঘটনার বিবরণ দিয়ে সাংসদ কে সি বেণুগোপাল এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “ঘটনাটি ছিল একেবারে ভয়াবহ। বিমান উড়ার কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে অস্বাভাবিক ঝাঁকুনি শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর পাইলট ঘোষণা করেন, ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং চেন্নাইয়ে অবতরণ করা হবে।”
তিনি আরও জানান, চেন্নাইয়ের আকাশে প্রায় দুই ঘণ্টা বিমানটি চক্কর কাটে, কারণ অবতরণের অনুমতি দেওয়া হচ্ছিল না। অবশেষে যখন নামার প্রস্তুতি নেয়, তখন রানওয়েতে একটি বিমান দাঁড়িয়ে ছিল, যার ফলে বড়সড় বিপদের সম্ভাবনা তৈরি হয়। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফের আকাশে উঠে যান। সেকেন্ডের মধ্যে নেওয়া এই সিদ্ধান্তই আমাদের প্রাণ বাঁচিয়েছে। দ্বিতীয় প্রচেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করে।
এ ঘটনায় এখনও পর্যন্ত ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এয়ার ইন্ডিয়া তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি ও খারাপ আবহাওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটিকে চেন্নাইয়ে পাঠানো হয়।
এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে আরও বলা হয়, “প্রথম অবতরণের সময় চেন্নাই এটিসি (এয়ার ট্র্যাফিক কন্ট্রোল) থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। রানওয়েতে কোনও বিমান ছিল না। আমাদের পাইলটরা এ ধরনের পরিস্থিতির জন্য বিশেষভাবে প্রশিক্ষিত, এবং তারা স্ট্যান্ডার্ড পদ্ধতি মেনেই কাজ করেছেন।”
এদিকে, এই ঘটনা নিয়ে দ্রুত তদন্তের দাবি তুলেছেন সাংসদ বেণুগোপাল। তাঁর মন্তব্য, “এভাবে যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা যায় না। যাত্রী সুরক্ষা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া উচিত নয়।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…