খবর লাইভ : ইয়েমেনের হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইজরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন। হামলার পর কড়া বার্তা দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানালেন, শুধুমাত্র একটি নয়—হুথিদের বিরুদ্ধে একাধিক বার পাল্টা আঘাত হানা হবে।
রবিবারের এই হামলায় বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের মাত্র ৭৫ মিটার দূরে আছড়ে পড়ে একটি ক্ষেপণাস্ত্র। ইজরায়েলের জাতীয় জরুরি পরিষেবা জানায়, ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বিমান পরিষেবা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।এয়ার ইন্ডিয়া জানায়, তেল আভিভমুখী সব ফ্লাইট মঙ্গলবার পর্যন্ত বাতিল করা হয়েছে।
নেতানিয়াহু এক্স-এ পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, “আমেরিকার সহযোগিতায় আমরা আগেও পদক্ষেপ নিয়েছি, ভবিষ্যতেও নেব। শুধু একটি হামলায় থামব না—হুথিদের বিরুদ্ধে একাধিক বার প্রত্যাঘাত করা হবে।” যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ।
ইজরায়েলি সেনাবাহিনী হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় স্বীকারোক্তি দিয়েছে। অন্যদিকে, হুথিদের দাবি, তারা গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইজরায়েলি আক্রমণের প্রতিবাদেই এই হামলা চালিয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই হুথিরা হামাসের পাশে দাঁড়িয়ে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। চলমান রয়েছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করেও আক্রমণ।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিধিকে আরও বিস্তৃত করে তুলতে পারে।




