বিকেল হলেই প্রায় প্রতিদিনই মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত তিন দিন ধরে বাঁকুড়া জেলায় এমনটা চলার পর এবার দ্বারকেশ্বর নদের জল বেড়ে ঘটল বিপত্তি। জলের তোড়ে ভেসে গেল প্রকাশ ঘাটের অস্থায়ী রাস্তা। বিচ্ছিন্ন হয়ে পড়ল দু’পাড়ের যোগাযোগ।
বৃহস্পতিবার সকালে ওই রাস্তা দিয়ে পারাপার করতে গিয়ে স্থানীয়রা দেখেন, দারকেশ্বর নদের জলের তোড়ে ভেসে গেছে সেই অস্থায়ী রাস্তারই একাংশ। গত কয়েকদিন ধরেই বিকেলের দিকে ভারী বৃষ্টি হচ্ছে বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে। তার জেরে দ্বারকেশ্বর নদের জলস্তরের উচ্চতা বেড়েছে। বাড়িয়েছে স্রোতের বেগও। আর সেই স্রোতেই ভেসে গিয়েছে প্রকাশ ঘাটের ওই অস্থায়ী রাস্তাও।
বর্ষার আগেই এভাবে নদের দু’পাড়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মাথায় হাত পড়েছে ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের। অগত্যা ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের ওই অংশের মানুষকে এখন বিষ্ণুপুর শহরে যেতে পাড়ি দিতে হচ্ছে প্রায় আট কিলোমিটার ঘুরপথ। অনেকে এই ঘুরপথ এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা রাস্তার পাশ দিয়ে দ্বারকেশ্বর নদের কোমর জল ডিঙিয়েই যাতায়াত করছেন।
স্থানীয় এক গ্রামবাসী অচিন্ত হেমব্রম বলেন, “সকালে কাজের জন্য রাস্তা দিয়ে গেলাম। ফেরার পথে দেখছি সেই রাস্তাই আর নেই। একেবারে বুক জল। নদী পেরিয়ে শেষে পৌঁছলাম।”
বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা সদরের সঙ্গে ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের বিস্তীর্ণ এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম প্রকাশ ঘাটের অস্থায়ী রাস্তা। নদের উপর মাটি ও বালি দিয়ে তৈরি অস্থায়ী রাস্তা দিয়েই ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের হাজার হাজার মানুষ প্রতিদিন মহকুমা সদর বিষ্ণুপুরে যাতায়াত করেন। ছাত্র ছাত্রীদের স্কুল কলেজে যাতায়াত থেকে শুরু করে এলাকার কৃষিজীবী মানুষ তাঁদের উৎপাদিত কৃষিজাত পণ্য বাজারজাত করার জন্য এই অস্থায়ী রাস্তায় সারা বছর ব্যবহার করেন।