খবর লাইভ : দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবন শেষে আজ চির বিদায় নিয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবারের সকাল থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশে মন খারাপের মেঘ। ৮০ বছর বয়সে চলে গেলেন অভিজাত, রুচিশীল, সংস্কতিমনস্ক রাজনীতিক। বর্ষীয়ান নেতার মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই জেনে দুঃখিত। প্রবীণ নেতা নীতিগত রাজনীতির প্রতীক ছিলেন। পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণে তাঁর করা কাজের জন্য তিনি দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার ও অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
বাংলার দুবারের মুখ্যমন্ত্রী চিরকালের জন্য ছেড়ে দিলেন দু-কামরার ফ্ল্যাট। পাড়ি দিলেন অন্য এক জগতে। বাম জমানার শেষ সেনাপতির বিদায়ে মন খারাপ কমরেডের। সংস্কৃতিমনস্ক চিন্তাশীল ব্যক্তিত্ব চলে যাওয়ায় বাক্রুদ্ধ সাহিত্য-শিল্পজগত। এদিন দল মত নির্বিশেষে সকলেই শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতিবার দুপুরে এক্স হ্যান্ডলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত। উনি এক জন বলিষ্ঠ রাজনৈতিক নেতা ছিলেন। যিনি একাগ্র ভাবে তাঁর রাজ্যের মানুষের সেবা করেছেন। ওঁর পরিবার এবং সমর্থকদের আমার আন্তরিক সমবেদনা জানাই। ওম শান্তি।’ আজ থেকে বছর দুয়েক আগে ‘বুদ্ধবাবু’কে পদ্মভূষণ সম্মান দিতে চেয়েছিল মোদি সরকার। অসুস্থ বাম নেতা তা প্রত্যাখ্যান করেছিলেন।
জাতীয় এবং রাজ্য রাজনীতির অনেকেই শোকজ্ঞাপন করেছেন। জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়্গে, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাসকদল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারও শোকজ্ঞাপন করেছেন।
রাজ্যপাল সিভি আনন্দ বোস লেখেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন এমন একজন নেতা যিনি জীবনের সমস্ত ক্ষেত্রে মানুষের ভালবাসা এবং সম্মান পেয়েছেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েক বার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন,আমি গভীর ভাবে মর্মাহত। বুদ্ধদেব ভট্টাচার্যের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে তাঁর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন,পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি শোকাহত। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা। আমি তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। ওম শান্তি।
সীতারাম ইয়েচুরি লেখেন, দলের প্রতি এবং পশ্চিমবঙ্গের প্রতি ওঁর নিষ্ঠাবোধ, আমাদের দু’জনের এক মতাদর্শ এবং ওঁর দূরদৃষ্টি আগামী দিনেও আমাদের পথপ্রদর্শন করবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, বাংলার মানুষ এক জন প্রখ্যাত নেতাকে আজ হারালেন। মল্লিকার্জুন খড়্গে লেখেন, পাঁচ দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানুষের সেবা করেছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, আমরা মর্মাহত, তাঁর শোকসন্তপ্ত পরিবারকে আমি আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে সমবেদনা জানাই। সিপএম নেতা মহম্মদ সেলিম লেখেন, জীবনযুদ্ধে লড়াই করছিলেন। চিকিৎসকেরাও চেষ্টা করছিলেন প্রাণপণ। কিন্তু শেষরক্ষা হল না। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, খবরটা যখন আসে বসেছিলাম। সেখান থেকে আমি উঠতেই পারছিলাম না। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, বহু মানুষের মতো আমিও শোকস্তব্ধ। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এ কথা অস্বাকীর করার জায়গা নেই। বুদ্ধদেব নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করেছিলেন। তাঁর সময়ে পশ্চিমবঙ্গের মাটিতে একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছিল। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম। ওঁর একটা অদ্ভুত মানবিক দিক ছিল। উদ্বুদ্ধ করার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…