খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর অবশেষে খবর লাইভের সম্পাদক পীযূষ চক্রবর্তীর পরিবারের উপর থেকে সামাজিক বয়কট তুলতে বাধ্য হলেন ঠিকাদার তৃণমূল নেতারা। তবে এখনই অভিযুক্তদের রেহাই দিতে নারাজ মুখ্যমন্ত্রী। তাই প্রশাসনের কাছ থেকে আলাদা করে রিপোর্ট চাইল মুখ্যমন্ত্রীর দফতর। পাশাপাশি পুলিশকেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি পরিবহনমন্ত্রীও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
হুগলির জাঙ্গিপাড়ার রাধানগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ তুলে আসছেন স্থানীয় লোকজন। স্থানীয় লোকজনের পাশাপাশি তৃণমূলেরও একাংশ এই দুর্নীতির বিরুদ্ধে সরব। সম্প্রতি খবর লাইভের সম্পাদক পীযূষ চক্রবর্তীর পরিবারের ভিটের জায়গা দখল করে সরকারি রাস্তা তৈরি করার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। ঠিকাদার তৃণমূল নেতা হিসেবে পরিচিত জাহাঙ্গীর মণ্ডল, রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর মণ্ডল ও ওই পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ পণ্ডিতের বিরুদ্ধে মূলত এই বেআইনি কাজের অভিযোগ ওঠে। যার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেন পীযূষ। সেই মামলা তোলার জন্য পীযূষের পরিবারকে সামাজিক বয়কটের ডাক দেন ওই তৃণমূল নেতৃত্বরা। জমিতে চাষ যাতে না করতে পারে তার জন্য শ্রমিকদের কাজে আসতে বারণ করে দেওয়া হয়। ট্রাক্টর মালিকদের হুমকি দেওয়া হয় পঞ্চায়েত অফিসে ডেকে। গোটা বিষয়টি পীযূষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে জানানো হলে তিনি কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীও এর তীব্র নিন্দা করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তিনিও দেন।
মুখ্যমন্ত্রীর দফতর থেকে প্রতিনিয়ত খোঁজ নেওয়া হচ্ছে পরিস্থিতি সম্পর্কে। সামাজিক বয়কট তোলা হয়েছে কিনা, সে সম্পর্কে মুখ্যমন্ত্রী নিজেও কলকাতা প্রেস ক্লাবের কয়েকজন সিনিয়র সাংবাদিক মারফত খোঁজখবর নিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, দল এবং প্রশাসন দুই পক্ষের তরফ থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।
অন্যদিকে পরিবহনমন্ত্রীও পীযূষকে বারবার ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন। কেউ কোনও সমস্যা করলে সরাসরি তাঁকে জানানোর কথাও বলেছেন পরিবহনমন্ত্রী স্নেহাশীষ।
তবে রাধানগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও ঠিকাদাররাজ অব্যাহত। কিছুদিন আগেই একটি পারিবারিক বিষয়ে শুভ বন্দ্যোপাধ্যায় নামে এক যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরে অভিযুক্ত ঠিকাদার তৃণমূল নেতা জাহাঙ্গীর মণ্ডল ঘনিষ্ঠ এক দুষ্কৃতী। শুভর পাশাপাশি তৃণমূলের একাধিক পঞ্চায়েত সদস্যও ওই পঞ্চায়েত অফিসে যেতে ভয় পাচ্ছেন। পঞ্চায়েতের মধ্যে ঠিকাদার ও তাঁদের ঘনিষ্ঠদের আড্ডা দেওয়ার বিষয়টি নিয়েও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতা ও এলাকার লোকজন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…