খবর লাইভ : সাংবাদিকের পরিবারকে সামাজিক বয়কটের ডাক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের। তাও আবার মন্ত্রীর এলাকায়। একবিংশ শতকে ভাবতে অবাক লাগছে? না এটা উত্তরপ্রদেশ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে দুর্নীতির প্রতিবাদ করা সাংবাদিকের পরিবারকে বয়কটের ডাক তাঁরই দল তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের। বয়কটের ডাকের কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতিও। আর এখানেই প্রশ্ন, তাহলে মুখ্যমন্ত্রীর রাজ্যে সাংবাদিকদের কোনও নিরাপত্তা আদৌ আছে! ইতিমধ্যেই এই বিষয়টি জানার পর বিরোধী দলগুলি ও প্রশাসনিক কর্তারা নিন্দা করতে শুরু করেছেন।
দীর্ঘদিন ধরেই হুগলির জাঙ্গিপাড়া বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি হয়ে আসছে। এই পঞ্চায়েতটি পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। বেআইনি নির্মাণ, সরকারি জায়গা দখল করা, ১০০ দিনের কাজে দুর্নীতি, শৌচাগার নির্মাণে দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে এই পঞ্চায়েতের কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই সংবাদ খবর লাইভে বের হয়। তারপর থেকেই স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর মণ্ডল ও তাঁর সহযোগীদের কু নজরে পড়েন সাংবাদিক তথা খবর লাইভের সম্পাদক পীযূষ চক্রবর্তী ও তাঁর পরিবার। কিছুদিন আগেই পীযূষের বাড়ির ভিটের উপর দিয়ে তাঁদের কোনও অনুমতি ছাড়াই হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে একটি রাস্তা করা হয় বলপূর্বক। যে জায়গার উপর দিয়ে রাস্তা করা হয় সেটি অবশ্য রাস্তা বলে উল্লেখ নেই। এর বিরুদ্ধে পীযূষ হাই কোর্টে একটি পিটিশন দাখিল করেন। যার ভিত্তিতে রাধানগর গ্রাম পঞ্চায়েত, হুগলি জেলা পরিষদ, জাঙ্গিপাড়ার বিডিও সহ প্রশাসনের একাধিক কর্তাকে তলব করে কলকাতা হাই কোর্ট। আর তারপর থেকেই পীযূষ ও তাঁর পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা করার তোড়জোড় শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। একটি মিথ্যা মামলা করতেও সক্ষম হয় তারা। এতেই ক্ষান্ত হয়নি, পীযূষের পরিবার যাতে চাষের জল না পায় বা জমি চাষ করতে না পারে তার জন্য ট্রাক্টর মালিক, মিনি ডিপটিউবওয়েলের মালিকদের ডেকে রাধানগর পঞ্চায়েতের ধমক দেওয়া হয়। চাষবাস বন্ধ করতে সর্বাত্মক প্রয়াস চালানো শুরু করে। সামাজিকভাবে পীযূষের পরিবারকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। যার নেতৃত্বে থাকেন স্থানীয় তৃণমূল নেতা তথা দুর্নীতিগ্রস্ত ঠিকাদার জাহাঙ্গীর মণ্ডল, রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও রাধানগর অঞ্চল তৃণমূলের সভাপতি শিবশংকর মণ্ডল। শিবশংকর স্বীকার করে নিয়েছেন পীযূষের পরিবারকে সামাজিক বয়কটের বিষয়টি। তিনি বলেন, ‘কোর্ট থেকে মামলা তোলো, রাস্তা করতে দাও তবেই তোমাদের কিছু হবে না। পঞ্চায়েতে এসে দেখা করো।’
আরও পড়ুনঃ ভূপতিনগরকাণ্ডে আদালতে চার্জশিট পেশ করল এনআইএ
পীযূষ বিষয়টি নিয়ে মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে বারংবার জানানোর চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমালশোভন চন্দকে বিষয়টি জানাতে ফোন করা হলে তিনি পরে ফোন করবেন বললেও আর মোবাইল ধরেননি। হুগলি জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুঁই বিষয়টি জানার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা চিন্তা করবেন না, আমরা দেখছি।’
বিষয়টি জানার পর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সুপ্রিম কোর্টের আইনজীবী কবীরশঙ্কর বসু তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ‘এভাবে কেউ নোংরামি করতে পারে না। আমরা আপনাদের পাশে আছি।’ সিপিএম, কংগ্রেস ও তৃণমূলের একাংশও এর নিন্দা করেছেন। পীযূষ ও তাঁর পরিবার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন।
রাধানগর গ্রাম পঞ্চায়েতের এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই বেআইনি কাজে যুক্ত থাকলেও দল অবশ্য কোনও ব্যবস্থা নেয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…