খবর লাইভ : আদালতে বড় ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জামিন পেয়েও আপাতত বেরনো হল না জেল থেকে। বৃহস্পতিবার রাতেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আবগারি নীতি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দেয়। আজ, শুক্রবার তিহাড় জেল থেকে তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে আর্জি জানায় ইডি। আদালতের তরফে আপাতত নিম্ন আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।এ দিন নিম্ন আদালতে কেজরিওয়ালের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি সুধীর কুমার জৈন ও বিচারপতি রবীন্দর দুদেজার ভ্য়াকেশন বেঞ্চের তরফে ট্রায়াল কোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। আদালতের তরফে বলা হয়, যতক্ষণ পর্যন্ত হাই কোর্টে মামলার শুনানি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রায়ে স্থগিতাদেশ রইল
হাই কোর্টের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আদালতের কাছে রিলিজ অর্ডার এসে পৌঁছয়নি। কোন শর্তে কেজরিওয়াল জামিন পেয়েছেন, তাও জানা নেই। ইডির তরফেও এ দিন আদালতে দাবি করা হয়েছে, গতকাল রাউস অ্যাভিনিউ আদালতে শুনানির সময় ইডির আইনজীবী বা সলিসিটর জেনারেলকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। ইডির তরফে রাউস অ্যাভিনিউ আদালতে দাবি করা হয়েছিল, অন্তত ৪৮ ঘণ্টার জন্য জামিনে স্থগিতাদেশ দেওয়া হোক। সেই আবেদন মানেনি আদালত। অন্যদিকে, কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভির দাবি, এর আগে এই মামলার শুনানি হয়েছে। সাত ঘণ্টা ধরে সওয়াল জবাব চলে। তখন বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন ইডির আইনজীবীরা।
দিল্লি হাই কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ জারি করা হয়েছে। ফলে নিম্ন আদালতে জামিন পেলেও, জেল থেকে মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল।গত ২১ মে ইডি গ্রেফতার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। কিন্তু লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে দলের হয়ে প্রচারের সুযোগ দিয়ে তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই জামিনের মেয়াদ শেষের পর গত ২ জুন আত্মসমর্পণ করেন কেজরিওয়াল। কিন্তু বৃহস্পতিবার ১ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন হলেও আপাতত জেলমুক্তি হচ্ছে না তাঁর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…