খবর লাইভ : বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৫ রানে হারল ভারত। একই সঙ্গে সিরিজও হাতছাড়া হল রোহিত শর্মাদের। বুধবার মীরপুরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ২৬৬ রানে শেষ হল ভারতের ইনিংস। কাজে এল না রোহিত শর্মার ২৮ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস।
ফিল্ডিং করার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত শর্মা। তবু দলের হার বাঁচাতে ব্যাট করতে নামতে হয় তাঁকে। ব্যাটিং অর্ডারের নয় নম্বরে নেমে চোট নিয়েই দলকে জেতানোর মরিয়া চেষ্টা করলেন অধিনায়ক। আগ্রাসী মেজাজে একাধিক চার, ছক্কাও মারলেন। তাঁর ২৮ বলের ইনিংসে রয়েছে তিনটি চার এবং পাঁচটি বিরাট ছক্কা।
আরও পড়ুনঃ বিশ্ব ভারোত্তোলোনে রুপো পেলেন মীরাবাই চানু
এদিন রোহিতের অনুপস্থিতিতে শিখর ধাওয়ানের সঙ্গে ভারতীয় দলের ইনিংস শুরু করেন বিরাট কোহলি। দু’জনেই ব্যর্থ হলেন। কোহলি ৫ এবং ধাওয়ান ৮ রান করে সাজঘরে ফিরলেন। ১৩ রানে ২ উইকেট হারানোর পর ভারতীয় ইনিংসকে ভরসা দিলেন শ্রেয়স আয়ার। তিন নম্বরে নেমে তিনি করলেন ৮২ রান। তাঁর ১০২ বলের ইনিংসে রয়েছে ছ’টি চার এবং তিনটি ছয়। তিনি উইকেটের এক দিক আগলে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ল ভারতের। ওয়াশিংটন সুন্দর (১১), লোকেশ রাহুলরা (১৪) দলকে ভরসা দিতে পারলেন না ব্যাট হাতে।
অক্ষর পটেলের ৫৬ বলে ৫৬ রানের ইনিংসে রয়েছে দু’টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি। পঞ্চম উইকেটের জুটিতে তাঁরা তুললেন ১০৭ রান। কিন্তু তাঁদের জুটি ভাঙতেই ভারতীয় ব্যাটিংয়ের দুর্দশা আবারও প্রকট হয়ে উঠল।
আউট হলেন শার্দুল ঠাকুর (৭)। ভারতের একাধিক ক্রিকেটার এক রকম উইকেট ছুড়ে দিয়ে এলেন। রান পেলেন না দীপক চাহারও (১১)। বাংলাদেশের সফলতম বোলার এবাদত হোসেন ৪৫ রান দিয়ে ৩ উইকেট নিলেন। শাকিব আল হাসান ২ উইকেট নিলেন ৩৯ রান দিয়ে। ব্যাটের পর বল হাতেও ভারতকে চাপে রাখলেন মেহেদি হাসান মিরাজ। তিনি ৪৬ রান দিয়ে ২ উইকেট পেলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…