খবর লাইভ : পাঁচ রাজ্যের ভোটের ফলাফল বেরনোর পর থেকে শুরু। তারপর থেকে লাগাতার জ্বালানির যন্ত্রণায় ভুগছেন মধ্যবিত্ত। সোমবার ফের দাম বাড়ল পেট্রল ও ডিজেলের। এই নিয়ে ১৪ দিনে ১২ বার বাড়ল জ্বালানি মূল্য। গত দু’সপ্তাহের মধ্যে সব মিলিয়ে পেট্রলের দাম বাড়ল প্রায় ৯ টাকা। আর ডিজেলের দাম বেড়েছে প্রায় সাড়ে ৮ টাকা। অথচ, এহেন রেকর্ড হারে মূল্যবৃদ্ধির পরও কার্যত নির্বিকার কেন্দ্র সরকার।
রবিবার রাতে পাওয়া খবর অনুযায়ী, পেট্রলের দাম বাড়ছে প্রতি লিটারে ৪২ পয়সা এবং ডিজেল লিটার পিছু ৪০ পয়সা বাড়ছে। যে কারণে ১১৩ টাকা ০৩ পয়সা থেকে কলকাতায় লিটার পিছু পেট্রল হচ্ছে ১১৩ টাকা ৪৫ পয়সা। শহরে এক লিটার ডিজেলের ৯৮ টাকা ২২ পয়সা। অর্থাৎ সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গেল ডিজেল। সোমবার সকাল ৬টা থেকে এই নয়া দাম কার্যকর হবে।
আরও পড়ুন- শান্তির প্রতিশ্রুতি!!! ইউক্রেনে গণকবর দিয়েছে রাশিয়া! তোপ জেলেনস্কির
লাগাতার জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের প্রায় সব প্রান্তেই বিক্ষোভে শামিল বিরোধীরা। বেড়েছে রান্নার গ্যাসের দামও। রবিবারই যেমন জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ করেন ডায়মন্ড হারবার লোকসভার সাতগাছিয়া বিধানসভার নোদাখালির তৃণমূলের নেতা-কর্মীরা। পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি গাড়িতে। যদিও গাড়িটি দলেরই এক কর্মীর। প্রতিবাদ করতেই ব্যবহার করা হয় গাড়িটি।




