খবর লাইভ : অবশেষে জল্পনার অবসান ঘটল বৃষ্টিস্নাত রবিবার বিকালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভায় কারা-কারা ঠাঁই পেতে পারেন, তা নিয়ে গত বুধবার থেকে জল্পনা চলছিল। এদিন বিকালে নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে নতুন মন্ত্রীদের যে তালিকা পাঠানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে সোমবার একইসঙ্গে শপথ নিচ্ছেন ৪৩ মন্ত্রী। তার মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, সিদ্দিকুল্লাহ চৌধুরি সহ ২৪ জন। স্বাধীন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর সহ ১০ জন। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৯ জন। নতুন আর পুরনোদের এক মেলবন্ধন ঘটানো হয়েছে নয়া মন্ত্রিসভায়। নতুন মুখ ১৭ আর পুরনো মুখ ২৬। রাজ্যের ২০ জেলারই প্রতিনিধি রয়েছেন। শুধু আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং থেকে কেউ না জেতায় ওই তিন জেলা থেকে কাউকে মন্ত্রিসভায় রাখা হয়নি।
গত মন্ত্রিসভায় ঠাঁই পেলেও এবারের ভোটে জিতে আসা বেশ কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায়, তপন দাশগুপ্ত, তাপস রায়, নির্মল মাজি, গিয়াসুদ্দিন মোল্লা, জাকির হোসেন, মন্টুরাম পাখিরা ও অসীমা পাত্র। এঁদের মধ্যে এখনও জঙ্গিপুরে ভোট না হওয়ায় জাকির হোসেন জিতে আসেননি। ফের জিতে এলেও ভাগ্যের শিকে ছেঁড়েনি কামারহাটির বিধায়ক মদন মিত্রের। আবার স্বাস্থ্যের কারণে ভোটে না দাঁড়ালেও মন্ত্রী হিসেবে ঠাঁই পেয়েছেন বিদায়ী অর্থমন্ত্রী অমিত মিত্র। শুভেন্দু অধিকারীর কট্টর বিরোধী হিসেবে পরিচিত অখিল গিরিকে যেমন ঠাঁই দেওয়া হচ্ছে মন্ত্রিসভায়, তেমন দলত্যাগী নেতা মুকুল রায়ের একদা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিউলি সাহাও ঠাঁই পেয়েছেন। বাম আমলে খাদ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো পরেশ অধিকারীও এবারে মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। প্রথমবার ভোটে জিতে মন্ত্রী হচ্ছেন বীরবাহা হাঁসদা, মনোজ তিওয়ারি, বিপ্লব মিত্ররা।
সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা দু’হাত ভরে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কৃতজ্ঞতা দেখাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ৭ জনকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন। তার মধ্যে চার জন পূর্ণমন্ত্রী, একজন স্বাধীন প্রতিমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সংখ্যালঘু সম্প্রদায়ের যে চার জন পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তাঁরা হলেন ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান, সিদ্দিকুল্লাহ চৌধুরী ও গোলাম রব্বানি। স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন হুমায়ুন কবীর এবং প্রতিমন্ত্রী হচ্ছেন আখরুজ্জামান ও সাবিনা ইয়াসমিন।
নয়া মন্ত্রিসভায় মহিলাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। মোট আটজনকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে। তার মধ্যে শশী পাঁজা পূর্ণমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ ও সন্ধ্যারানী টুডু স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, জ্যোৎস্না মাণ্ডি ও বীরবাহা হাঁসদাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভায় সবচেয়ে বেশি প্রতিনিধি থাকছেন উত্তর ২৪ পরগনা জেলা থেকে। ওই জেলা থেকে ছজনকে মন্ত্রী করা হয়েছে। তার মধ্যে চারজন পূর্ণমন্ত্রী এবং দুজন স্বাধীন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন। দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা থেকে পাঁচজন করে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। কলকাতা থেকে ঠাঁই পাওয়া সবাই পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। আর দক্ষিণ ২৪ পরগনা থেকে চার জনকে পূর্ণমন্ত্রী ও একজনকে প্রতিমন্ত্রী হিসেবে ঠাঁই দেওয়া হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক কারা-কারা মন্ত্রী হচ্ছেন
পূর্ণমন্ত্রী
১) অমিত মিত্র
২)সুব্রত মুখোপাধ্যায়
৩) ফিরহাদ হাকিম
৪) সাধন পাণ্ডে
৫) জাভেদ আহমেদ খান
৬) সিদ্দিকুল্লাহ চৌধুরি
৭) পার্থ চট্টোপাধ্যায়
৮) অরূপ বিশ্বাস
৯) শোভনদেব চট্টোপাধ্যায়
১০) শশী পাঁজা
১১) বঙ্কিম হাজরা
১২) অরূপ রায়
১৩) পুলক রায়
১৪) মানস ভুঁইয়া
১৫) স্বপন দেবনাথ
১৬) মলয় ঘটক
১৭) ব্রাত্য বসু
১৮) জ্যোতিপ্রিয় মল্লিক
১৯) বিপ্লব মিত্র
২০) গোলাম রব্বানি
২১) উজ্জ্বল বিশ্বাস
২২) চন্দ্রনাথ সিনহা
২৩) রথীন ঘোষ
২৪) সৌমেন মহাপাত্র
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
১) ইন্দ্রনীল সেন
২) বেচারাম মান্না
৩) সুব্রত সাহা
৪) হুমায়ুন কবীর
৫) অখিল গিরি
৬) চন্দ্রিমা ভট্টাচার্য
৭) সুজিত বসু
৮) রত্না দে নাগ
৯) সন্ধ্যারানি টুডু
১০) বুলুচিক বরাইক
প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন
১) দিলীপ মণ্ডল
২) আখরুজ্জামান
৩) শিউলি সাহা
৪) শ্রীকান্ত মাহাত
৫) সাবিনা ইয়াসমিন
৬) বীরবাহা হাঁসদা
৭) জ্যোৎস্না মাণ্ডি
৮) পরেশ চন্দ্র অধিকারী
৯) মনোজ তিওয়ারি
সোমবার সকাল এগারোটায় রাজভবনের থ্রোন হলে নয়া মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকর। তারপরেই নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে। ওই বৈঠকেই মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…